
ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার দুর্গাপুরে কৃষি ও জীবিকা উন্নয়নে বাস্তবায়িত ‘পারি-নিরাপদ প্রকল্প’-এর অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার উপজেলা সোমেশ্বরী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ‘পারি-নিরাপদ প্রকল্প (জীবিকা ও কৃষি)’-এর আয়োজনে এবং হীরা উন্নয়ন সংঘ (পিআই) সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রকল্পের কর্মী এবং পিআই সদস্যসহ মোট ৭০ জন অংশ নেন। উপস্থিতদের মধ্যে ৪১ জন পুরুষ ও ২৯ জন নারী ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংগঠন ও প্রকল্পটি এই সময়ে প্রকল্প এলাকায় খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে অবদান রেখেছে। সভায় বিভিন্ন স্তরের অংশীজনদের বক্তব্যই প্রমাণ করে যে সংগঠনটি কমিউনিটি মানুষকে সরকারি অফিস থেকে সেবা গ্রহণের সেতুবন্ধন হিসেবে কাজ করছে।"”
সভায় প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা ও শিক্ষণ ভাগাভাগির পাশাপাশি কৃষি ও জীবিকা উন্নয়নে স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সমন্বয়ের গুরুত্বও উঠে আসে। সভা পরিচালনা করেন পারি-নিরাপদ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কমল পাল। শুরুতে প্রকল্পের বাস্তবায়নকালীন অভিজ্ঞতা ও বিভিন্ন শিক্ষণ তুলে ধরেন দুর্গাপুরের প্রকল্প কর্মকর্তা। পরে প্রকল্পের সঙ্গে যুক্ত কমিউনিটি সদস্যরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস বলেন, প্রকল্পটি আইজিএ খাত ও কৃষি চর্চায় (এসআরআই ও ভার্মি কম্পোস্ট) দৃশ্যমান পরিবর্তন এনেছে উপজেলা কৃষি অফিসের সমন্বয়ে।
পিআই সদস্য তাসলিমা বেগম বলেন, “আমরা প্রশিক্ষণ পেয়েছি এবং জীবিকা প্রক্রিয়ায় সেই শিক্ষণ প্রয়োগ করেছি। এভাবে আমরা সংগঠন থেকে উপকৃত হয়েছি।” পিআই সদস্য মজহারুল ইসলামও সভায় তাঁর অভিজ্ঞতা ও প্রকল্পের মাধ্যমে পাওয়া সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য দেন। বক্তারা কৃষি, জীবিকা, প্রশিক্ষণ, সরকারি সেবার সঙ্গে জনগণের সংযোগ এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।
সভা শেষে হীরা উন্নয়ন সংঘের কাছে প্রকল্পের বিভিন্ন নথি হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অংশীজনদের মধ্যে মতবিনিময় করা হয়।