
ডেস্ক রিপোর্ট : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি জোরদার করতে অগ্রিম মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করেছে কারিতাস বাংলাদেশ। ২৮ এপ্রিল মঙ্গলবার “নেত্রকোণা জেলায় দুর্যোগের পূর্ব প্রস্তুতির জন্য অগ্রিম মানবিক সহায়তা কার্যক্রম (Alert: B0-71)” প্রকল্পের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। স্ট্যাট ফান্ড বাংলাদেশের সহায়তায় এবং কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার মোট ৫৫২ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২৭ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে গাঁওকান্দিয়া ইউনিয়নে ২৩২ জন এবং কাকৈরগড়া ইউনিয়নে ৩২০ জন উপকারভোগী এ সহায়তা পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক (ডেজিগনেট) মিসেস রোজী রংমা। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রশাসক, গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ) মো. ফজলুর রহমান, সমবায় কর্মকর্তা (প্রশাসক, কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ) বিজন কান্তি ধর, কৃষি কর্মকর্তা ছবি দাস, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য এবং কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি ও মাঠপর্যায়ের কর্মীরা। আয়োজকরা জানান, দুর্যোগের আগাম ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রস্তুত করতে এ ধরনের অগ্রিম সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।